কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরার পূর্ব মাইজপাডায় গ্রামে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরওয়ার নির্জন (২৩) হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। এ খুনের ঘটনায় গতকাল বুধবার সেনা বাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর দিনগত রাত ৩টার দিকে চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় লেফটেন্যান্ট তানজিম ছরওয়ার নিহত হন। এরপর ওই এলাকায় চিরুনি অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকায় ছয়জনকে আটক করা হয়েছে। তারা হলেন- মো: বাবুল প্রকাশ (৪৪), মো: হেলাল উদ্দিন (৩৪), মো: আনোয়ার হাকিম (২৮), মো: আরিফ উল্লাহ (২৫), মো: জিয়াবুল করিম (৪৫) ও মো: হোসেন (৩৯)।
এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, হত্যায় ব্যবহৃত ছুরি, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সেনা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মধ্যে চারজন হত্যার সাথে সরাসরি জড়িত ও অন্য দু’জন তথ্য দিয়ে সহায়তা করার কথা স্বীকারে করেছেন। আটককৃতদের মধ্যে মো: বাবুল প্রকাশ এ ঘটনার মূল অর্থ জোগানদাতা। এ ছাড়াও তিনি লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন।
এ ছাড়া মো: হেলাল উদ্দিন ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড, মো: আনোয়ার হাকিম গাড়িচালক, মো: আরিফ উল্লাহ সশস্ত্র সদস্য, মো: জিয়াবুল করিম তথ্য দাতা ও মো: হোসেন উক্ত ঘটনার সাথে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের আটকে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আটক ছয়জনকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেনাসদস্যরা বাদি হয়ে থানায় মামলা করেছে।



