যশোরের চৌগাছায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। ১৮ দিনে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত ৬৭ জন এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের ভয়াবহতা বেড়েই চলেছে। উপজেলায় জুলাই থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১০৯ জন। এর মধ্যে চলতি মাসের ১৮ দিনেই শনাক্ত হয়েছে ৬৭ জন। মৃত্যু হয়েছে দু’জনের।
চৌগাছা উপজেলা সরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মাসে গত ১৮ দিনে উপজেলা সরকারি হাসপাতালে ৬৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে শনাক্ত হয়েছেন ৯ জন। এ ৯ জন রোগীর মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ছয়জন। আক্রান্তদের বেশির ভাগই চৌগাছা পৌর এলাকার বাসিন্দা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তারা হলেন, পৌর শহরের কারিগর পাড়ার হাবিবুল্লাহ (২২), ইছাপুরের হোসেন আলী (৩৩), কালিতলা এলাকার কামাল হোসেন (২৯) ও বাবু কুন্ড (৩৭), খড়িঞ্চা গ্রামের শামিম রেজা (৪৫) ও মাজালি গ্রামের অনিক হোসেন (২৬)।

এছাড়া উপজেলার তিনটি বেসরকারি ক্লিনিকের ল্যাবে সংরক্ষিত তথ্য সূত্রে জানা যায়, চলতি মাসের গত ১৮ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫২ জন। এর মধ্যে নোভা এইড ক্লিনিকে শনাক্ত হয়েছে ২০ জন, পল্লবী ক্লিনিকে ২৭ জন এবং কপোতাক্ষী ক্লিনিকে পাঁচজন। জুলাই ও আগস্টে তিন ক্লিনিকে রোগী শনাক্তের সংখ্যা ছিল ২৭ জন।
এদিকে উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলো ধুলিয়ানী ইউনিয়নের ধুলিয়ানী গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী বিউটি বেগম (৩৫)। তিনি জ্বরে আক্রান্ত হয়ে ২ অক্টোবর চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া ১০ মে উপজেলায় আব্দুল হান্নান (৬৫) নামে আরো একজন মৃত্যুবরণ করেন।