ইসরাইল তুরস্ককে টার্গেট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
তিনি বলেছেন, ইসরাইলি ‘প্রতিশ্রুত ভূমির’ প্রতারণার ওপর কাজ করে। সুতরাং তারা ফিলিস্তিন এবং লেবাননের পরে আমাদের মাতৃভূমিতে তার দৃষ্টিপাত করবে।
বুধবার আঙ্কারায় আরব লিগের মহাসচিব আহমদ আবুল গায়ছের সাথে বৈঠককালে এসব কথা বলেন তিনি। এমন পরিস্থিতিতে ইসরাইলের ওপর বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগ জানিয়েছে, বৈঠকে এরদোগান ও আহমদ আবুল গায়ছ বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইসরাইলের লেবাননে হামলা নিয়ে আলোচনা করেন। আরব লিগের প্রধানকে এরদোগান বলেন, ইসরাইল ফিলিস্তিনি ভূমি দখল করার এবং তাদেরকে মাতৃভূমি ছাড়া করার উদ্দেশ্যে সঙ্ঘাতের আগুন পুরো অঞ্চলে ছড়াতে চাচ্ছে। তিনি আরো বলেন, তুরস্ক ইসরাইলকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য করার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর জন্য বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞার গুরুত্ব তুলে ধরেন। আবুল গায়ছকে এরদোগান আরো বলেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ায় উত্তেজনা অবিলম্বে বন্ধ করতে হবে। তুরস্ক এসব দেশে শান্তি ও স্থিতিশীলতা চায়।