পিরোজপুরের ইন্দুরকানীতে তাফসির মাহফিলে এসে নিজের গুমের বর্ণনা দিয়েছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা যুদ্ধাপরাধ মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি। বুধবার রাতে উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে তিনি মঞ্চে উপস্থিত হন। মাহফিল শেষে তিনি আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ার কারণে তাকে আওয়ামী লীগ সরকার গুম করে যেসব নির্যাতন করে ছিল তার বর্ণনা দেন।
সুখরঞ্জন বালি বলেন, তাকে সরকার গুম করে নির্যাতন ও ভারতে নিয়ে রেখে আসে। মাওলানা সাঈদী আমার বড় ভাই বিশা বালিকে হত্যা করেননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তাই আমি তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় সরকার আমারে অত্যাচার করেছে।
মাহফিলে তাফসির পেশ করেন কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশনের গবেষক মাওলানা গোলাম আজম। প্রধান অতিথি ছিলেন আল্লামা সাঈদীর ছেলে ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হান বীন মুহাম্মদ আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, সাবেক আমির মো: হাবিবুর রহমান প্রমুখ।