আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ এখনো মাঠে সক্রিয় রয়েছে। এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘স্বৈরাচার থেকে ফ্যসিবাদ, মুজিব থেকে হাসিনা : ফ্যাসিবাদ ফিরে আসায় হুমকি ও বিপ্লব রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, দেশের একজন ফ্যাসিস্ট পালিয়েছেন, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়। তারা ছাত্রজনতার বিপ্লবের স্পিরিট বিনষ্টে নানাভাবে চক্রান্ত করছে। অন্তর্বর্তী সরকারের উচিত ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের মূলোৎপাটন করা।
তিনি আরো বলেন, হাসিনার ফ্যাসিবাদের আইকন ছিল মুজিব। আমাদের হাসিনার ফ্যাসিবাদী টার্মগুলো নিয়ে আলোচনার পাশাপাশি স্বাধীনতা পরবর্তী সময়ে কে, কারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা খুঁজে বের করা উচিত। আমরা একাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস ঘাটলে দেখতে পাই, মুজিব ও তার পোষ্য সন্ত্রাসীরা কিভাবে বিচার বহির্ভূত হত্যা শুরু করেছিল। সেই হত্যার প্রথম শিকার হন সিরাজ শিকদার। দেশের ইতিহাসে শেখ মুজিব একমাত্র ব্যক্তি যিনি সিরাজ শিকদারকে হত্যার পর সংসদে গিয়ে দম্ভ করেছিলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা: আতিয়া রহমান প্রমুখ।