ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এখন পরিস্থিতি মোটামুটি নরমাল হয়ে গেছে। যেহেতু ৩১, ১ ও ২ বিশ্ব ইজতেমার যে ডেট আছে জুবায়েরপন্থীদের ওইটা ওই ডেটেই হবে।’ জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই হবে।
গতকাল দুপুরে মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শুধু নির্বাচন নয় যে কোনো কিছুর জন্য পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘২ লাখ ২ হাজার আছে যারা অপারেশনাল পুলিশ। প্রায় ১২ হাজারের মতো সিভিল ও অন্যান্য। পুলিশ এখন পুরোপুরি ফাংশনাল। র্যা ব, বিজিবি আনসার ও অন্যান্য সশস্ত্রবাহিনী দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কোনো অসুবিধা হবে না।’
উপদেষ্টা বলেন, ‘আমাদের পজিশন হলো- যারা অপরাধ করেছে তারা অপরাধী। অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আমরা তাদের কঠোর হস্তে দমন করবো এবং তাদেরকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে।’
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাফিসহ, র্যা ব, ফায়ার সার্ভিস, কৃষি অধিদফতর ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।