গাজীপুরে একদল বখাটে কিশোরের প্রহারে হাসিবুল ইসলাম বাদশা এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় নিহত ব্যবসায়ীর স্ত্রী, শালিকা ও শ্যালকসহ অন্তত চারজন আহত হয়েছে। গতকাল রাত পৌনে ৩টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (মসজিদ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি প্রায় এক যুগ আগে শ্রীপুর পৌরসভার মাওনা (মসজিদ মোড়) এলাকায় জমি কিনে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসিবুল মসজিদ মোড় এলাকায় মামণি ফার্মেসির স্বত্বাধিকারী। এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। কারো সাথে তার কোনো বিরোধ ছিল না।
এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। আটকরা হলো- মাওনা (মসজিদ মোড়) দারগারচালা এলাকার আলী আকবরের ছেলে অন্তর (২০) এবং মৃত নিজাম উদ্দিনের ছেলে রুমান (২০)।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার, ঢাকায় কাজ শেষে রাত আড়াইটার দিকে আমরা বাড়ির গেটে পৌঁছি। এ সময় ৮-১০ জন বখাটে কিশোরকে রাস্তায় দেখতে পাই। আমরা গাড়ি থেকে যখন ব্যাগগুলো নামাচ্ছি, তখন তারা আমাদের সামনে এসে এত রাতে কোথা থেকে এসেছি তা জানতে চায়। তাদের চলে যেতে অনুরোধ করলে তারা অকথ্য ভাষা ব্যবহার করতে থাকে। বাগি¦তণ্ডার একপর্যায়ে কিশোররা আমার স্বামীকে মারধর করে। এ সময় গাড়ি চালক শিমুল এগিয়ে এলে তাকেও মারধর করে বখাটেরা। পরে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির ভেতরে চলে গেলে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে হাসিবুলকে ইট দিয়ে আঘাত করে এবং মারধর করে চলে যায়। হাসিবুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় আল-হেরা হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরদের হামলায় আহত হয়েছেন- নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), শ্যালক হানিফ (২৯), শ্যালকের স্ত্রী সালমা আক্তার (২৭) এবং চালক জাহিদুল ইসলাম শিমুল (৩৫)।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, রাত সোয়া ৩টার দিকে মৃত অবস্থায় হাসিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।
ওসি জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। পলাতক অন্যদের আটকের চেষ্টা চলছে।