লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত শুক্রবার বিজিবি-বিএসএফ উত্তেজনাকর পরিস্থিতির পর গতকাল পরিস্থিতি শান্ত ছিল। তবে সীমান্তে বিজিবির টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে। গত শুক্রবার (১০ জানুয়ারি) দহগ্রামের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ভারতীয় শ্রমিকদের নিয়ে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। গতকাল দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায় দহগ্রামের সরকার পাড়া এলাকায় বিজিবি টহল দিচ্ছে। ওই সীমান্তের ডিএমপি ৮/৪১ শূন্য রেখার একেবারে পাশ দিয়ে বিএসএফ শুক্রবার অ্যাঙ্গেলপাতি দিয়ে চার ফুট উঁচু প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণে পর ঘটনাস্থল থেকে সরে গেছে।
বিজিবি জানায়, গত শুক্রবার দহগ্রাম আঙ্গরপোতা এলাকায় শূন্য লাইন বরাবর বিজিবির বাধার মুখে উভয়পক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে ওইদিন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার এবং বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডার পর্যায়ে একটি স্পট মিটিং হয়। ওই মিটিংয়ে রংপুর ৫১ বিজিবির অধিনায়ক ও বিএসএফ ৬ এবং ৪০ বিএসএফের অধিনায়কসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএসএফ জানায়, তিনবিঘা করিডোর এলাকায় ফ্লাইওভার নির্মাণ না হওয়া পর্যন্ত দহগ্রাম আঙ্গরপোতা এলাকার সাধারণ মানুষকে নিরবচ্ছিন্নভাবে তিনবিঘা করিডোর দিয়ে যাতায়াতের জন্য ২০১০ সালে ভারতের মোদি এবং বাংলাদেশের হাসিনা সরকারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তি মোতাবেক বিএসএফ দহগ্রাম এলাকায় শূন্য লাইন বরাবর চার ফুট উচ্চতার একসারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। এ কারণে তারা (বিএসএফ) শ্রমিকদের নিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে।
সূত্র জানায়, সেক্টর কমান্ডার পর্যায়ের ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, পরবর্তীতে উভয় দেশের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সরেজমিন যৌথ সমন্বয়ের মাধ্যমে পরবর্তী কর্মপন্থা নির্ধারিত না হওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ থাকবে।
গতকাল শনিবার রংপুর ৫১ বিজিবির সহকারী (এডি) পরিচালক আমীর খসরু সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা (বিজিবি) কঠোর অবস্থানে আছি, এখানে আমাদের জনবল বাড়ানো হয়েছে। ফলে বিএসএফ এখান থেকে সরে গেছে। ঊর্ধ্বতন কতৃর্পক্ষের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
শান্ত দহগ্রাম সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত শুক্রবার বিজিবি-বিএসএফ উত্তেজনাকর পরিস্থিতির পর গতকাল পরিস্থিতি শান্ত ছিল। তবে সীমান্তে বিজিবির টহল এবং নজরদারি...



