ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে গত রোববার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান গতকাল লিখিত বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাক্সিক্ষত ঘটনায় ইতোমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।
তিনি বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সাথে ভিসির সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এ বছর থেকেই অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় সুপারিশ করা হয়। সিদ্ধান্ত অনুসারে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সভার পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এর আগে সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ, প্রোভিসি (প্রশাসন) সায়মা হক বিদিশা, প্রোভিসি (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রাশেদা ইরশাদ নাসির, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ আব্দুলাহ আল মামুনসহ বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দীন আহমেদ, হিসাব পরিচালক সাইফুল ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন শিশির উপস্থিত আছেন। সাত কলেজের অধ্যক্ষরাও এতে উপস্থিত ছিলেন।
আহতরা ঢামেকে চিকিৎসাধীন : ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক, পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় মধ্যরাত পর্যন্ত একে একে আহতরা হাসপাতালে আসেন। তবে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে অধিকাংশই চলে গেছেন। আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিপন চৌধুরী (২১), ইরফান (২০), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয় (২৩), মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ (২০), উজ্জ্বল (২৫), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), সাব্বির হোসেন (২৪), আর ঢাকা কলেজের ছাত্র ইব্রাহিম (২৩), রিশাদ (২৩) ও রাকিব (২৪)। এ ছাড়া আহত হয়েছেন বাংলাদেশ টাইমসের সাংবাদিক তোফায়েল আহমেদ ও পথচারী উজ্জ্বল (৩২)।
সাত কলেজ নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন : ২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজের ভর্তি বন্ধ হচ্ছে। ২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে ভর্তি বন্ধ হচ্ছে সাত কলেজের। ঢাবি প্রশাসনের সাথে সাত কলেজের অধ্যক্ষদের মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে ঢাবি প্রশাসনের সাথে সাত কলেজের অধ্যক্ষদের জরুরি সভার পর বেলা পৌনে ৩টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ভিসি এ ঘোষণা দেন।



