আয়োজকদের অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে বরিশালে পণ্ড হয়ে গেছে বিপিএলের শিরোপা জয়ের উৎসব। টানা ২য় বারের মতো শিরোপা জয় উপলক্ষে গতকাল বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে আয়োজন করা হয়েছিল ওই উৎসবের। ট্রফি প্রদর্শন এবং টিমের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে হবে মিউজিক কনসার্ট। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তাব্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে শেষ পর্যন্ত কিছুই হয়নি, বিক্ষুব্ধ জনতার জুতো-চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্যদিয়ে পণ্ড হয়ে যায় সব।
গত শুক্রবার রাতে ঢাকায় চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতে বরিশালের টিম ফরচুন বরিশাল। গতকাল দুপুরে আকাশপথে টিমের সদস্যদের নিয়ে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায় চলতি বছরের শিরোপা ট্রফি। এদিকে বরিশালের বেলস পার্কে তখন চলছিল জয়োৎসবের প্রস্তুতি। সেখানে হাজার হাজার জনতা ছিল ট্রফিসহ খেলোয়াড়দের দেখার অপেক্ষায়। বিকেল পৌনে ৪টা নাগাদ ট্রফিসহ ফরচুন বরিশাল টিম এবং টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছান মঞ্চে। এ সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চের কাছে চলে যায় হাজার হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান টিমের খেলোয়াড়সহ কর্মকর্তারা। এ সময় মঞ্চে বরিশাল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো: মোয়াজ্জেম হোসাইন এবং রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমসহ উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় পর্যায়ের অন্য কর্মকর্তারা। চেয়ার ছোড়া ও হুরোহুরিতে আহত হন সংবাদকর্মীসহ অন্তত ১০ জন।
ট্রফি নিয়ে খেলোয়াড়রা মঞ্চ ত্যাগ করার সাথে সাথে ক্ষেপে যায় উপস্থিত জনতা। শুরু হয় মঞ্চ লক্ষ্য করে বৃষ্টির মতো জুতো ও চেয়ার নিক্ষেপ। মুহূর্তেই পণ্ড হয়ে যায় পুরো আয়োজন। দুর্বল নিরাপত্তাব্যবস্থা আর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ ছিল সবার। একই সাথে সুন্দর একটি আয়োজন পণ্ড হয়ে যাওয়ার আক্ষেপও ছিল তাদের মধ্যে। অবশ্য এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি আয়োজক কিংবা প্রশাসনের কেউ। এর আগে দুপুরে বরিশাল বিমানবন্দরে ট্রফি নিয়ে পৌঁছানোর পর বরিশালে ক্রিকেটের উন্নয়নে অনেক কিছু করার কথা বলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এখানে শিশুদের জন্য ক্রিকেট একাডেমি করার কথাও বলেন তিনি।
নগরীর বাসিন্দা ইমন বলেন, ব্যবস্থাপনা খারাপ হওয়ার কারণে শিরোপা দেখতে পারিনি। আমরা ফরচুন বরিশালকে ভালোবাসি বলে এখানে এসেছিলাম। কিন্তু অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হলো না।



