আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দুঃস্বপ্ন দেখছে। বিএনপি ও তাদের সাম্প্রদায়িত দোসরদের নিয়ে দেশে বিদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে খুশি রাখবেন, জনগণের সাথে ভালো ব্যবহার করবেন, যারা ভুল করেছেন তারা ভবিষ্যতের জন্য সংশোধন হয়ে যান। অন্যথায় অপকর্মে জড়িতদের সাথে আমি সম্পর্ক রাখব না। আমি জানি কারা কোথায় কী করছেন, সবই আমার জানা আছে। সংশাধন হোন। ভালোভাবে চলুন। জনগণের মন জয় করুন। ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের সুদৃঢ় ঐক্যের কোনো বিকল্প নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য সড়কমন্ত্রী বলেন, আমি বলতে চাই সরকার পরিবর্তনের একটা উপায় নির্বাচন। বিরোধী দলের সাথে নির্বাচন কমিশন আলোচনা করছেন। আমাদের বিশ্বাস জনগণ আমাদের পাশে আছে। ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলনে সেখানেও তাদের উদ্দেশ্য সফল হয়নি। তাদের ইস্যু হচ্ছে বিদেশীদের কাছে নালিশ করা।
তিনি গতকাল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, চরএলাহী ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রাজ্জাক, চেয়ারম্যান মো: নুরুল হুদা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুরুল করিম জুয়েল, বাংলাদেশ ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার প্রমুখ।



