আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে। এখন আর নামাজের সময়, ইফতারের সময় লোডশেডিং হয় না। আর একটি বড় কাজ বাকি আছে সেটা হলো গ্যাসের সমস্যা। এ এলাকায় গ্যাসের সার্ভে করা হচ্ছে। আগামীবার আবার ক্ষমতায় এলে প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়া হবে। শেখ হাসিনার মন আকাশের মত বিশাল। তিনি আমাকে আওয়ামী লীগের মতো বড় দলের সাধারণ সম্পাদক বানিয়েছেন। বড় মন্ত্রী হয়েছি, মন্ত্রী হওয়া বড় কথা নয়। আওয়ামী লীগ সৃষ্টির পর থকে চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেউ নির্বাচিত হয় নাই। আপনাদের দোয়ায় আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এ সম্মান আমার এলাকার জনগণের। উত্তরবঙ্গে ট্রেনে গেছি লক্ষ লক্ষ লোক হয়েছে, সড়ক পথে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে আমার সভায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির নেতারা বলেছেন, রোজার ঈদের পর আন্দোলন। আবার বলেন, কোরবানি ঈদের পর আন্দোলন। দেখতে দেখতে দশ বছর, মানুষ বাঁচে কত বছর। বিএনপির আন্দোলন কারাগারে বেগম জিয়ার ভ্যানিটি ব্যাগে। মওদুদ সাহেবসহ অনেকে মন্ত্রী ছিলেন। বেগম জিয়া কারাগারে যাওয়ার পর ৫০০ নেতাকর্মী নিয়ে নেতারা রাস্তায় বের হতে পারেননি। বাসায় এয়ারকন্ডিশন রুমে বসে হিন্দি সিরিয়াল দেখেন। বিএনপি নালিশ পার্টি, বিএনপি একটি ভুয়া দল। তারা জাতিসঙ্ঘ মহাসচিবের আমন্ত্রণে দেখা করেছেন বলে মিথ্যা কথা বলে জাতির সাথে প্রতারণা করেছেন।
তিনি গতকাল মঙ্গলবার বেলা ১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নতুন বাজার হাই স্কুল মাঠে প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শফি উল্যাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: শাহাব উদ্দীন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান বাদল, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আকরাম উদ্দিন চৌধুরী সবুজ, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নাজমুল হক নাজিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, বাংলাদেশ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নুরুল করিম জুয়েল প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, আমাদের নেত্রী বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ছুটি দিয়েছেন। আমি এ এলাকার জনগণের স্বার্থে স্কুল, কলেজ, মাদরাসাসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন এবং কয়েকশ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করে দিয়েছি। আর একবার ক্ষমতায় আসতে পারলে এ এলাকার রাস্তাগুলো ফোর লেইন করা হবে।
এর অগে তিনি কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভা ও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কোম্পানীগঞ্জ উপজেলার মিলনায়তনে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তÍর স্থাপন ও এমপির প্রকল্পের অধীনে ৭০ জন দুস্থ মহিলার মধ্যে ৬০ লাখ টাকার চেক বিতরণ করেন।
নোয়াখালী সংবাদদাতা জানান, ওবায়দুল কাদের বলেন, যেকোনো আন্দোলনে নেতার নাম জানতে হয়, নেতা ছাড়া নেতৃত্ব হয় না। তাই পাঁচমিশালী নেতৃত্বের প্রতি জনগণের আস্থা নেই। বিএনপিকে উদ্দেশ করে বলেন, তারা যদি ক্ষমতায় আসে এবার হাওয়া ভবনের বদলে খাওয়া ভবন হবে। আজ দেশে বিদ্যুৎতের ঘাটতি নেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এক মাস পরে জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বাজারে মধ্য চরকাঁকড়া উচ্চবিদ্যালয় মাঠে চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সফিউল্যাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।