সংবিধান সংশোধন করে নিরপেক্ষ তদারকি সরকার গঠনে সংলাপের পাশাপাশি সঙ্কট নিরসনে রাষ্ট্রপতির পক্ষ থেকে উদ্যোগ নেয়ার আহ্বান জানাবে বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ। কাল সোমবার জোটের পক্ষ থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ আহ্বান জানাবেন তারা। তবে এর পাশাপাশি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবিতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কর্মসূচি নিয়ে নামতে যাচ্ছে জোটটি। দাবি আদায়ে এবারের কর্মসূচির বেশির ভাগ থাকবে রাজপথজুড়ে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নয়া দিগন্ত প্রতিবেদককে বলেন, চলমান সঙ্কট থেকে উত্তরণের জন্য সরকারকে অবশ্যই নমনীয় হতে হবে। সরকারকে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের গণদাবি মেনে নিতে হবে। সংসদের চলতি অধিবেশনে সংবিধান সংশোধন করে নিরপেক্ষ তদারকি সরকার গঠন করতে হবে। আর এ ধরনের গণদাবি অগ্রাহ্য করা হলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবেÑ এসব বিষয় আমরা স্মারকলিপিতে তুলে ধরব। তিনি বলেন, রাষ্ট্রপতি তার নৈতিক ক্ষমতা ব্যবহার করে সরকারকে কার্যকর রাজনৈতিক উদ্যোগ গ্রহণে পরামর্শ দিতে পারেন। আমরা রাষ্ট্রপতিকে সে পরামর্শটি সরকারকে দেয়ার জন্য অনুরোধ করব। রাষ্ট্রপতির পক্ষ থেকে তার বর্তমান অবস্থান থেকে যতটুকু করণীয় তা যেন তিনি করেন। এর মধ্যে থাকতে পারে রাজনৈতিক দলগুলির সাথে সংলাপের পাশাপাশি অন্য সব বিষয়।
সাইফুল হক জানান, কাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে রাষ্ট্রপতির সাথে দেখা করে স্মারকলিপি দেয়ার ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হবে। রাষ্ট্রপতি বাম জোটের নেতাদের সাথে দেখা করতে চাইলে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে একটি প্রতিনিধিদল দেখা করতে যাবে রাষ্ট্রপতির সাথে। আর যদি দেখা না করতে চান সে ক্ষেত্রে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে যাওয়া হবে। সেখানে গিয়ে স্মারকলিপি দেয়া হবে বলে তিনি জানান।
তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দেয়া, বর্তমান সরকার পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, জনগণের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে বাম জোটের পক্ষ থেকে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে পালিত হয়েছে। ইতোমধ্যে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন অভিমুখী ঘেরাও মিছিলসহ জুলুমের প্রতিবাদ ও বন্দী মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। এ ব্যাপারে বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ নয়া দিগন্তকে বলেন, এ ধরনের কর্মসূচির একটি অংশ হিসেবে ২৯ অক্টোবর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করা হবে। তিনি জানান, আজ রোববার আবার জোটের পক্ষ থেকে বসে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। দেশ বাঁচানো, গণতন্ত্র বাঁচানোর ঘোষণা দিয়ে গত ১৮ জুলাই, পুরান পল্টনস্থ মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনে আট দলের সমন্বয়ে ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠন করা হয়।



