ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনী অংশের সদর উপজেলার শর্শদীতে গতকাল সন্ধ্যায় বাস-ট্রেন সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি শর্শদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কৈখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শর্শদী রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দিলে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে শর্শদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মনছুর আহম্মদ, ধর্মপুর ইউনিয়নের নিজাম উদ্দিন, আবুল বাশারসহ চারজন নিহত হন। এদের মধ্যে একটি মেয়েশিশুও রয়েছে।
এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি এবং লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী।
ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তৌহিদুল ইসলাম ভূঞা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশে হস্তান্তর করা হয়।