সাগরপথে পাচারকালে পেকুয়ায় ৬৭ রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে ৩১ জন মহিলা, ১৫ জন শিশু ও ২১ জন পুরুষের বেশির ভাগই তরুণ বয়সের। পাচারকারী দলের কোনো সদস্য বা রোহিঙ্গাদের বহনকারী ফিশিং বোটটি আটক করতে পারেনি পুলিশ। জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্গম এলাকা হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পাচারকারী দলের সদস্যরা বোট নিয়ে পালিয়ে যায়। তবে পাচারকারী দলের সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফের একটি পাচারকারী দলের সাথে পেকুয়ার একটি পাচার সিন্ডিকেটের যোগসাজশে রাতের আঁধারে রোহিঙ্গাদের পাচারকারী একটি ফিশিং বোট উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া করিমদাদ মিয়ার ঘাট এলাকায় নোঙ্গর করে রোহিঙ্গাদের নামিয়ে দেয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশের কাছে খবর দেয়। পরে পেকুয়া থানার ওসি মো: জাকির হোসেন ভূঁঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়ে আসে। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
করিমদাদমিয়ার ঘাট এলাকার আব্বাস, শাহজাহান, সোনা মিয়াসহ আরো অনেক প্রত্যক্ষদর্শী জানান, পাচারকারীরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। দীর্ঘ দিন ধরে ওই চক্রটি সাগরপথে রোহিঙ্গা ও ইয়াবা পাচার করে এলেও প্রশাসন তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা জানান, যে ফিশিং বোটটি রোহিঙ্গাদের নামিয়ে দিয়েছে সেটির মালিক জসিম উদ্দিন মনু। সে স্থানীয় এক ইউপি সদস্যের ভগ্নিপতি।
এদিকে কিছু দিন আগে পেকুয়া থেকে বিপুল পরিমাণে ইয়াবা আটক ও এখন রোহিঙ্গা আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল। তারা বলেন, ইয়াবা ও রোহিঙ্গা পাচারকারীরা এখন পেকুয়াকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। এখনই পেকুয়ার সাগর ও রুটে নজরদারি না বাড়ালে এটা মহামারি আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ভূঁইয়া জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা পশ্চিম উজানটিয়া করিমদাদ মিয়ার ঘাট এলাকা থেকে ৬৭ রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসি।
রোহিঙ্গা পাচারের নতুন রুট পেকুয়া সাগরপথে পাচারকালে ৬৭ রোহিঙ্গা আটক
সাগরপথে পাচারকালে পেকুয়ায় ৬৭ রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে ৩১ জন মহিলা, ১৫ জন শিশু ও ২১ জন পুরুষের বেশির ভাগই তরুণ বয়সের।...



