বৈরী আবহাওয়া ও মাঝ নদীতে সৃষ্ট ডুবোচরের কারণে ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে অসংখ্য যানবাহন। বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত শুধু পাটুরিয়া ঘাটেই পারের অপেক্ষায় আটকে ছিল পাঁচ শতাধিক যানবাহন। মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, বৈরী আবহাওয়ায় বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এর মধ্যে শাহ মখদুম ও আমানত শাহ নামে বহরের দু’টি রো-রো ফেরি লোডকৃত অবস্থায় মাঝ নদীতে সৃষ্ট ডুবোচরে আটকে পড়ে। দীর্ঘ সময় চেষ্টার পর দুপুরে ফেরি দু’টিকে চড়া থেকে নামিয়ে আনা হয়।
কর্তৃপক্ষ আরো জানায়, এ রুটে ছোট বড় ২০টি ফেরির মধ্যে ৩টি যান্ত্রিক ত্রুটির ফলে মেরামতে ও একটি মাওয়ায় পাঠানো হয়েছে। চলমান ১৬টি ফেরি দিয়ে অপেক্ষমাণ যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। এদিকে, যাত্রী দুর্ভোগ লাগবে অগ্রাধিকার ভিত্তিতে বাস-কোচ, প্রাইভেট, মাইক্রোসহ জরুরি পরিবহন পারাপার করায় উভয় ঘাটেই সাধারণ পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দীর্ঘ হচ্ছে।
ঘাটে আটকে পড়া পণ্যবাহী ট্রাক মালিক-শ্রমিকদের অভিযোগ, যানজটকে পুঁজি করে ফেরির সিরিয়াল কাউন্টারে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে কাউন্টার কর্তৃপক্ষ।
পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত, ঘাট এলাকায় যানজট
বৈরী আবহাওয়া ও মাঝ নদীতে সৃষ্ট ডুবোচরের কারণে ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে অসংখ্য যানবাহন। বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট...



