১৯৯৪ সালে পাবনার ঈশ^রদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলার ২৫ বছর পর গতকাল মামলার ২৮ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন পাবনার আদালত।
গতকাল রোববার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী এ নির্দেশ দেন। এ মামলায় মোট আসামি ছিলেন ৫২ জন। এরই মধ্যে পাঁচজন মৃত্যুবরণ করেছেন। চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং অন্যতম আসামি পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু এবং বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলাল আদালতে হাজির না থাকায় তাদেরসহ বাকিদের নামে ওয়ারেন্ট জারি করেছেন আদালত।
আদালত সূত্র থেকে জানা যায়, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা সাংগঠনিক সফরে খুলনা থেকে রাজশাহী অভিমুখে ট্রেনে বের হন। পথিমধ্যে তিনি বিভিন্ন স্থানে পথসভা করেন। ঈশ^রদী স্টেশনে তার একটি নির্ধারিত পথসভা ছিল। ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে তাকে বহনকারী ট্রেনবহর যাত্রাবিরতি করলে অতর্কিত ওই ট্রেন ও শেখ হাসিনার কামরা লক্ষ্য করে উপর্যুপরি গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করে শেখ হাসিনা দ্রুত ঈশ্বরদী ত্যাগ করেন। ঈশ^রদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদি হয়ে ওই দিনই তৎকালীন ছাত্রদল নেতা ও বর্তমানে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর মামলাটি পুনঃতদন্ত করে পুলিশ। তদন্ত শেষে নতুনভাবে ঈশ্বরদীর শীর্ষস্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ৫২ জনকে এই মামলার আসামি করা হয়। মামলাটি দায়ের করার বছরে এই মামলায় পুলিশ কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। কিন্তু আদালত সে রিপোর্ট গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে পাঠান। পরে সিআইডি তদন্ত করে ১৯৯৭ সালে ৩ এপ্রিল এ মামলার চার্জশিট দাখিল করেন। প্রথম চার্জশিটের সাত আসামির বাইরে এ মামলায় যাদের নতুনভাবে আসামি করা হয় তারা হলেন- ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, পাবনা জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কে এম আক্তারুজ্জামান আক্তার, পাকশীর সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাহাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান নেফাউর রহমান রাজু, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, রেজাউল করিম শাহীন, আজিজুর রহমান শাহীন, সেলিম আহমেদ, পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, শহীদুল ইসলাম অটল, আব্দুল জব্বার প্রমুখ। আসামিদের মধ্যে গত ২৫ বছরে ওসিয়া, আলী আজগর, খোকন, তুহিন ও আলমগীর মৃত্যুবরণ করেছেন।
পাবনা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওবায়দুল হক জানান, মামলার ৫২ জন আসামির মধ্যে ২৮ জন সশরীরে এজলাসে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। আজ সোমবার একই আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করার কথা রয়েছে। পরে আসামিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- আব্দুল জব্বার, ফজলুর রহমান, শামসুল আলম, সেলিম আহমেদ, এনামুল কবির, হাফিজুর রহমান মুকুল, আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, নেফাউর রহমান রাজু, শাহ আলম লিটন, মাহবুবুর রহমান পলাশ, আলমগীর হোসেন, তুহিন বিন সিদ্দিক, পলাশ, রেজাউল করিম শাহিন, ফিরোজুল ইসলাম পায়েল, কল্লোল, শ্যামল, এরাম, আটল, শামসুর রহমান শিমুয়া, বরকত আলী, আক্কেল আলী, আজমল হোসেন, মোক্তার হোসেন, মোকলেছুর রহমান, রবি, হাকিমুদ্দিন টেনু। আসামিরা ঈশ^রদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। আদালত সূত্র জানিয়েছে, সোমবার থেকে যুক্তিতর্ক শুরু হবে, যুক্তিতর্ক শেষ হলে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হবে।
মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তা ও অ্যাডভোকেট সালমা আহমেদ শিলু। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম গ্যাদা।
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা বলেন, এটা একটা রাজনৈতিক মামলা। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করব। পাবনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার ওপরে চালানো হামলায় দায়ের করা মামলায় আসামিদের জামিন নামঞ্জুর করায় আমরা সন্তুষ্ট।
ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলা
২৫ বছর পর মামলার ২৮ আসামি কারাগারে
১৯৯৪ সালে পাবনার ঈশ^রদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলার ২৫ বছর পর...



