‘আজ ছয় দিন হলো ছেলের মুখটা দেখি না। বিএসএফ ছেলেকে গুলি করে মারছে বলে ছেলের লাশটা কি আমরা পাব না? আমরা ছেলের লাশ ছাড়া আর কিছু চাই না। আমাদের লাশ এনে দেয়ার ব্যবস্থা করেন।’
শনিবার বিকেলে ডিমলা প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন, বিএসএফের গুলিতে নিহত মোহাম্মদ বাবুল মিয়ার মা আছিয়া খাতুন। এ সময় নিহতের বাবা নূর মোহাম্মদ বলেন, ছেলের লাশ ভারত থেকে এনে দেয়ার দাবিতে রংপুর ৫১ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) স্যারের কাছে ডিমলা ইউএনও স্যারের মাধ্যমে একটি দরখাস্ত করেছি। এমপি মহোদয়কেও বলেছি। আমরা কিছু চাই না। আমরা শুধু ছেলের লাশটা চাই।
উল্লেখ, গত মঙ্গলবার ভোর রাতে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে তিস্তার চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ বাবুল মিয়া (২২) নিহত হন। ঘটনার ছয় দিন অতিবাহিত হলেও নিহতের লাশ ভারত থেকে আনা সম্ভব হয়নি। ছেলের লাশ ভারত থেকে নিয়ে আসার দাবিতে নিহত বাবুল মিয়ার বাবা, মা, ভাই খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে জনপ্রতিনিধি, বিজিবিসহ প্রশাসনের বিভিন্ন লোকজনের দ্বারে দ্বারে ঘুরছেন।