প্রত্যাবাসনের বিষয়ে কথা বলতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন মিয়ানমার ও আসিয়ানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। গতকাল দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশন ক্যাম্প-৪ এ পৌঁছে প্রতিনিধিদলটি রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সাথে সংলাপ শুরু করেছে। সংলাপে অংশ নিচ্ছেন ৪১ জন রোহিঙ্গা কমিউনিটি নেতা ও ছয়জন কমিউনিটি নারী নেত্রী। এটি তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের সাথে মিয়ানমার ও আসিয়ানের প্রতিনিধিদলের সংলাপ।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও অর্থনৈতিক বিভাগের পরিচালক চ্যান অ্যায়ের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদলে মিয়ানমারের পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন, অভিবাসন ও তথ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। এ ছাড়া সাত সদস্যের আসিয়ান প্রতিনিধিদলে রয়েছেন আসিয়ানভুক্ত রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। দুই দিনের সফরে তারা কক্সবাজার এসেছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোছাইন বলেছেন, ‘মিয়ানমারের প্রতিনিধিদলটি কক্সবাজার বিমানবন্দর হয়ে উখিয়াস্থ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন। সেখানের বর্ধিত (এক্সটেনশন) ক্যাম্প-৪ এ প্রত্যাবাসনের বিষয়ে রোহিঙ্গাদের সাথে সংলাপ শুরু করেছেন। প্রতিনিধিদলটি বৃহস্পতিবারও ওই ক্যাম্পে স্বদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক রোহিঙ্গাদের সাথে সংলাপ করবেন।