জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিলের উদ্বোধন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এবারই প্রথম দলটির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের কাউন্সিল জাতীয় পার্টির রাজনীতিকে এগিয়ে নেয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করে দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টির মূল কাণ্ডারি হুসেইন মুহম্মদ এরশাদ। তার অনুপস্থিতিতে দলকে এগিয়ে নেয়ার যে দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালন করতে চাই। এই কাউন্সিলের মধ্য দিয়ে দলকে শক্তিশালী এবং সুসংহত করার সব রকম প্রয়াস নেয়া হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৪ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির গঠনতন্ত্রে তিন বছর পরপর কাউন্সিল করার বিধান রয়েছে। কিন্তু এরশাদের মৃত্যুর কারণে ২৮ ডিসেম্বর কাউন্সিল করার তারিখ নির্ধারণ করা হয়।
এ প্রসঙ্গে জিএম কাদের বলেন, এবারের কাউন্সিলের মধ্য দিয়ে নবীন-প্রবীণের একটি সেতুবন্ধন রচিত হবে। ত্যাগী-উপেক্ষিত-পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করার চেষ্টা হবে। পাশাপাশি জাতীয় পার্টিকে এগিয়ে নিতে এই কাউন্সিলে একটি নতুন দিকনির্দেশনাও থাকবে।
এদিকে কাউন্সিলকে ঘিরে জমজমাট এখন জাতীয় পার্টির প্রধান দু’টি কার্যালয়। বানীর পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের পাশাপাশি কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে এখন নেতাকর্মীদের পদচারণায় ভরপুর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
তৃণমূল পর্যায়ের নেতারা কাউন্সিলে যোগ দিতে রাজধানী ঢাকায় সমবেত হতে শুরু করেছেন।
আওয়ামী লীগসহ বিভিন্ন দলকে আমন্ত্রণ
আওয়ামী লীগ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টিকে (সিপিবি) কাউন্সিলে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় পার্টি। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
এর আগে বিকেলে পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল সেলিমের হাতে জাপার আমন্ত্রণপত্র তুলে দেন আলমগীর সিকদার লোটন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকেও কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছেন।