জাতীয় পার্টিতে একজন সিনিয়র কো-চেয়ারম্যানসহ সাতটি কো-চেয়ারম্যানের পদ সৃষ্টি করা হয়েছে। দলটির সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়েছে প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। আর ছয় কো-চেয়ারম্যান হলেনÑ দলটির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মো: মুজিবুল হক চুন্নু ও অ্যাডভোকেট সালমা ইসলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার তাদের নিয়োগ দিয়েছেন।
এর আগে গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কাউন্সিলের একদিন পরেই গতকাল জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ২০-এর উপধারা ১/(১)ক এবং ২/খ মোতাবেক তাদের এ নিয়োগ দেয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নবনিযুক্ত সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের সংক্ষিপ্ত পরিচিতি দেয়া হলো।
নবনিযুক্ত সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এক-এগারোর সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন তিনি। চট্টগ্রাম-৫ আসনের এই সংসদ সদস্য ১৯৭৯ সালে বিএনপি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ১৯৮৮, ২০০৮, ২০১৪ এবং ২০১৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টি থেকে ব্যারিস্টার আনিস পররাষ্ট্র, পানিসম্পদ, শিক্ষা, বন ও পরিবেশ, তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বি এম রুহুল আমিন হাওলাদার ১৭ বছর জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনিও ১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পর্যায়ক্রমে ১৯৯৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য হন। মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিভিন্ন সময় বন ও পরিবেশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, পাট ও বস্ত্র, যুব ও ক্রিড়াসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ মুক্তিযোদ্ধা ও যুবলীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ ষাটের দশকে ছিলেন তুখোড় ছাত্রনেতা। ছাত্রলীগের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের তিনবার ভিপি ছিলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ১৯৮৬, ১৯৮৮, ২০১৪ ও ২০১৯ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। নৌপরিবহন, ডাক ও টেলিযোগযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনিও।
জিয়া উদ্দিন আহমেদ বাবলু বাসদ ছাত্রলীগের নেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসুর) সাধারণ সম্পাদক ছিলেন। পরে সেনা শাসক এরশাদের মন্ত্রিসভায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে যোগ দেন। পরে ১৯৮৬, ১৯৮৮ ও ২০১৪ সালেও সংসদ সদস্য হন তিনি। বাবলু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। জাপার মহাসচিবের দায়িত্বও পালন করেন।
জাতীয় পার্টির দীর্ঘদিন প্রেসিডিয়াম সদস্য ছিলেন সৈয়দ আবু হোসেন বাবলা। এখন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি। ১৯৮৬ সালে এরশাদের শাসনামলে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৯ সালে সংসদ সদস্য হন তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু মহাজোট সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় পার্টির হয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন মুজিবুল হক চুন্নু। এর আগে ১৯৮৬ সালে ও ১৯৮৮ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। ব্যক্তি জীবনে তিনি ব্যবসায়ী, মানবাধিকারকর্মী ও সমাজ হিতৈষী হিসেবে ব্যাপক পরিচিত। দেশের অন্যতম বৃহ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের সহসভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম বর্তমান একাদশ জাতীয় সংসদের একজন সদস্য। এবার নিয়ে টানা তিনবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় মহিলা পার্টির সভানেত্রীর দায়িত্বও বেশ সুনামের সাথে পালন করে যাচ্ছেন। তিনি বহুল প্রচারতি দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।
আনিস সিনিয়র কো-চেয়ারম্যান
জাপার কো-চেয়ারম্যান হলেন ৭ নেতা
জাতীয় পার্টিতে একজন সিনিয়র কো-চেয়ারম্যানসহ সাতটি কো-চেয়ারম্যানের পদ সৃষ্টি করা হয়েছে। দলটির সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়েছে প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। আর ছয় কো-চেয়ারম্যান...



