কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ার মনতলিয়া পুরানপাড়া এলাকায় গতকাল শুক্রবার ভোরে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আবদুল নাসের (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এ সময়ে র্যাবের তিন সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দু’টি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, দু’টি গুলির খালি খোসা ও ৬৬ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি নিহত যুবক একজন মাদক কারবারি। আবদুল নাসের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ব্লকের (পূর্ব) বি-২৬-এর বাসিন্দা মোহাম্মদ জাকের হোসেনের ছেলে।
র্যাব ১৫-এর হোয়াইক্যং ক্যাম্প ইনর্চাজ ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম জানান, গতকাল শুক্রবার ভোর রাতে মাদক পাচারের খবরে র্যাবের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মনতলিয়া পুরানপাড়া এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় পাঁচ-ছয়জন অস্ত্রধারী মাদক কারবারি র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ইয়াবা কারবারিরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আবদুল নাসেরকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।