কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ১০ ঘণ্টা পর নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ। নিহত যুবকের নাম জামাল উদ্দিন (১৯)। সে একই ইউনিয়নের কালাইয়ের চর গ্রামের লুৎফর রহমানের ছেলে। সে গরু চোরাকারবারির সাথে জড়িত ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানায় গতকাল শনিবার ভোর রাতে একদল চোরাকারবারি গরু আনার জন্য কালাইয়ের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ৩৯/৪ টির কাছে দিয়ে ভারতের আসামের অভ্যন্তরে মন্ত্রীর চরে যায়। এ সময় বিএসএফ তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় জামালের ডান পাশের পাঁজরে গুলি লেগে বাম পাশের পাঁজর ভেদ করে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে নিয়ে বাড়ি থেকে সটকে পড়ে। বিকেল পর্যন্ত জামালসহ তার পরিবারের লোকজনের সন্ধান মেলেনি। ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে পরিবার। পরে প্রশাসনের চাপে ঘটনা প্রকাশ্যে আনে পরিবার। বিকেল ৪টায় জামালের লাশ বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। এ সময় পরিবারের লোকজন দাবি করে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রামে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায় সে।
নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন জানান, গতকাল ভোরে পাখিউড়া সীমান্ত পথে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে জামাল নামের এক বাংলাদেশী ডাঙ্গোয়াল ( গরু পাচারের রাখাল) নিহত হওয়ার খবর পেয়ে তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। পরে বিকেল ৪টায় লাশ বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বিএসএফের গুলিতে জামালের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ ওই পরিবারের বরাত দিয়ে জানান, গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে জামালের মৃত্যু হয়। বিকেলে লাশ বাড়িতে আনা হয়। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। জামাল নামের একজন গুলবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও তার লাশ ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিএসএফ কিংবা চোরাকারবারিদের গুলিতে সে মারা গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।