কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ অমান্য করে নিয়োগ প্রদান করার প্রতিবাদে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। জেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা একযোগে গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফোরামের প্রধান সমন্বয়কারী মাহাতাব আলী, জেলা ফোরামের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নবিউল ইসলাম, সদস্য হাসিনা খাতুন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১১ নভেম্বর ৪৫৫৪টি ইউনিয়ন পরিষদে তথ্যসেবাকেন্দ্র চালু করেন। এসব কেন্দ্রে দুইজন করে উদ্যোক্তা বিনা পারিশ্রমিকে কাজ করে আসছিল। কিন্তু ২০১৬ সালের ২৮ নভেম্বর ২ হাজার ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিপত্র জারি করলে কুড়িগ্রামের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ২৬ জন উদ্যোক্তা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন, যার রিট পিটিশন নং ১২৮৬৫/২০১৯। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৬ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিটের শুনানি শেষে রিট পিটিশনারদের অনুকূলে পদ সংরক্ষণ রাখতে ছয় মাসের স্থগিতাদেশসহ ডাইরেকশন রুল জারি করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এ রুল উপেক্ষা করে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন ওইসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা নিয়োগ বন্ধের জন্য হাইকোর্টের মাধ্যমে উকিল নোটিশ পাঠান। কিন্তু তা উপেক্ষা করে নিয়োগ দেন জেলা প্রশাসক। মানববন্ধনের মাধ্যমে এসব নিয়োগ স্থগিত করে উদ্যোক্তাদের নিয়োগ দেয়ার দাবি জানান বক্তারা।