কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে মাদক কারবারিদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে জাফর আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল হতে ২ লাখ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদীর মোহনায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত যুবক সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার জেবর মুল্লুকের ছেলে।
টেকনাফস্থ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমারের দিক হতে ৩-৪ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকায় ঘোলার চরের দিকে আসতে দেখলে শাহপরীর দ্বীপ বিওপি ফাঁড়ির নিয়মিত টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বিজিবি সদস্যদের উপর গুলিবর্ষণ করে। বিজিবি পাচারকারীদের ধাওয়া করে এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। উভয়পক্ষে ৩-৪ মিনিট গুলিবিনিময়ের পর পাচারকারীরা গ্রামের ভেতর পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ এক যুবকসহ দুই লাখ পিস ইয়াবা, গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করে।
গুলিবিদ্ধ যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা বলে জানায় বিজিবি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।



