কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মাদক কারবারি নুর মোহাম্মদ ও মো: রফিক মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিক। তবে বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে পাচারকারীরা। এতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ দু’জন পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। ময়নাতদণ্ডের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।