কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৫) আর নেই। করোনায় আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে গতকাল রোবিবার বেলা ২টা ২০মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, মূলত শনিবার বিকেল থেকে তার অক্সিজেন সেচ্যুরেশন উঠানামা করতে থাকে। এ জন্য তার লাইফ সাপোর্ট প্রয়োজন ছিল কিন্তু তাকে এই সাপোর্ট দেয়া যায়নি। তিনি গত ২৪ মে সাধারণ জ্বরে আক্রান্ত হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নমুনা দেন কিন্তু রিপোর্ট পান ৬ দিন পর। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এমতাবস্থায় প্রথমে তিনি উখিয়া উপজেলায় জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাই কমিশন পরিচালিত (ইউএনএইচসিআর) আইসোলেশন সেন্টারে ভর্তি হন। সেখানে তার অবস্থার উন্নতি না হলে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রামে নিয়ে যান কিন্তু কোথাও আইসিও সিট খালি না পেয়ে বাধ্য হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করান। এই সাংবাদিক সর্বশেষ দ্য ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেসে কর্মরত ছিলেন। এরপূর্বে তিনি ডেইলি স্টার, ডেইলি সান এবং বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের বার্তা সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে যান। তার পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। সাংবাদিক মোনায়েমের মৃত্যুতে কক্সবাজারের সব মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



