কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্তবর্তী মনখালী এলাকার চেপটখালীর গহীন পাহাড়ে বহুল আলোচিত রোহিঙ্গা হাকিম ডাকাতের দলের সাথে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। বন্দুকযুদ্ধে হাকিম ডাকাতের দুই ভাইসহ চার সহযোগী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। শুক্রবার দুপুরে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, জেলা পুলিশ ও টেকনাফ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাকিম ডাকাতের আস্তানায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে ডাকাত দল। এতে পুলিশের কয়েক সদস্য আহত হলে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় হাকিম ডাকাতের ভাই ও তার চার সহযোগী নিহত হন । হাকিম ডাকাত ও দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যান। ওসি প্রদীপ জানান প্রাথমিকভাবে জানা যায়, নিহতরা হচ্ছে হাকিম ডাকাতের ভাই মো: বশির ও মো: হামিদ এবং তাদের দুই সহযোগী মো: রফিক ও রইঙ্গা। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।