সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে ২৮ বস্তা ভিজিডির উন্নতমানের পুষ্টি চাল উদ্ধার করেছে থানা পুলিশ। বাজারে যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। শুক্রবার (৩ জুলাই) গোপন সূত্রের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মালী গুলের মোড় আমিনুল ইসলাম মণ্ডলের চালের দোকানে অভিযান চালিয়ে সরকারি সিলমোহর যুক্ত ওই বস্তাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় ওই দোকানের মালিককে আটক করতে পারেনি পুলিশ।
নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চান জানান, এই ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ১৯৮টি কার্ড রয়েছে। এসব কার্ডের বিপরীতে এই চালের বস্তাগুলো বরাদ্দ ছিল। কে এসব বিক্রি করল তা তদন্ত করলেই বেরিয়ে আসবে। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের অনেক ইউপি সদস্য গোপনীয়তা রক্ষা করে কার্ডগুলো তৈরি করেছেন, যার ফলে প্রকৃত কার্ডধারী জানেনই না তিনি চাল পাবেন। আর এসব কার্ডের বিপরীতে বরাদ্দকৃত চালগুলো প্রায়ই কালোবাজারে বিক্রি করা হয়। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী এই ঘটনার সাথে সাথেই তার সরকারি ফেসবুক পেজে ওই ইউনিয়নের জন্যে বরাদ্দকৃত ১৯৮টি কার্ডধারীর নাম-ঠিকানা প্রকাশ করেছে। তিনি তালিকার কেউ চাল থেকে বঞ্চিত আছেন কি না সেটি তাকে জানাতে অনুরোধ করেছেন। তিনি জানান, অভিযোগ রয়েছে অনেকের নামে কার্ড থাকলেও কার্ডধারী তা জানেন না। ফলে একটি চক্র এই চাল অবৈধভাবে আত্মসাৎ করছে, যা দণ্ডনীয় অপরাধ। সত্য উদঘাটনের জন্য এই ইউনিয়নের ১৯৮ জনের তালিকা এখানে প্রকাশ করছি। ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।