কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যদের সাথে মাদক পাচারকারিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় দুই পাচারকারী নিহত এবং বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। নিহতরা হলেনÑ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ আলম (২৬) ও বালুখালী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ এরশাদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াসিন (২৪)। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত রোববার রাত ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের হোয়াবাং এলাকায় নাফ নদীর তীরে গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে.কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা হোয়াব্রাং এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই-তিনজন পাচারকারী নাফ নদী সাঁতরিয়ে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা পালাতে থাকে। বিজিবি সদস্যরা তাদের পিছু ধাওয়া করলে পাচারকারীরা বিজিবির ওপর অতর্কিতে গুলিবর্ষণ করে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়। বিজিবি সদস্যরাও সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। ৪-৫ মিনিট গুলিবিনিময়ের পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় এক পাচারকারী পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ৫০ হাজার ইয়াবা, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।