কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছে। বিজিবির দাবি তারা ইয়াবা পাচারে জাড়িত। ঘটনাস্থল থেকে এ সময় তিন লাখ পিস ইয়াবা, দু’টি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টায় কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামের জলিলের ঘোনা ব্রিজের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেÑ নুর আলম (৪৫), মোহাম্মদ হামিদ (২৫) ও নাজির হোসেন (২৫)। এই ঘটনায় বিজিবির দুই সদস্যও আহত হয়েছেন। তাদেরকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের তামব্রু বিওপির একটি দল টহল দেয়ার সময় দেখতে পায়, মিয়ানমার থেকে পাহাড়ি পথে ১০-১২ জন লোক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে। এ সময় বিওপির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের দিকে গুলি করে। আত্মরার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি করেন। একপর্যায়ে হামলাকারীরা পাহাড়ের জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে আহতাবস্থায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করে বিজিবি। ময়নাতদন্তের জন্য তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ মে থেকে সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর র্যাব, বিজিবি, পুলিশ, মানব পাচারকারী দালাল চক্র ও ডাকাত দলের সাথে গোলাগুলি এবং মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত চারজন নারীসহ কক্সবাজার জেলায়ই ২৫৮ জন নিহত হয়েছে। এর মধ্যে দুই নারীসহ ৯৮ জন রোহিঙ্গা শরণার্থী।