কক্সবাজারের কবিতা চত্বর ও টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে পাঁচজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে লাশগুলো উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি নিহতরা মাদককারবারি চক্রের সদস্য, নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন।
কক্সবাজার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মঙ্গলবার খারাংখালী এলাকায় দুই মাদক কারবারি দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে একপর্যায়ে ত্রিমুখী বন্দুকযুদ্ধ শুরু হয়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দু’টি এলজিসহ চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই হোয়াইক্যং এলাকার বাসিন্দা।
অন্যদিকে মঙ্গলবার ভোরে কক্সবাজার সৈকতের কবিতা চত্বর এলাকা থেকে পুলিশ এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে অজ্ঞাত হিসেবে মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।