ডাকাতির এক মাস পর লুণ্ঠিত স্বর্ণালঙ্কার সমেত জুয়েলারি দোকানের মালিকসহ আন্তঃজেলা ছয় ডাকাতকে গত বৃহস্পতিবার রাতে নরসিংদী থেকে গ্রেফতার করেছে জিএমপি ও ডিএমপি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, শেখ ফরিদ (৩৫), সাইফুল ইসলাম (৫২), নূরুল আমিন ওরফে নুরা (৩৫), আতিউর রহমান আপেল (৩৭), ইয়াহিয়া ওরফে ইয়াকুব (৪৮), রনি (২৮) ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কারের ক্রেতা দুলাল বর্মণ (৩৫)।
গত ১৭ জুলাই গাজীপুর মহানগরের পূবাইল অঞ্চলের ৪০ নম্বর ওয়ার্ড কুদাব মহল্লার হোসাইন উদ্দিন পালোয়ানের বাড়িতে সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ডাকাতদের ছুরিকাঘাতে হোসাইন উদ্দিন পালোয়ানের দুই ছেলে সজীব (৪০) ও রাকিব পালোয়ান (৩৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা তৎপর হয়ে ওঠে।
জিএমপির পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য জিএমপি ও ডিএমপি ডিবি যৌথ অভিযানে নামে। অবশেষে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গাজীপুর ও নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে ছয় ডাকাতকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৪৪৩৯) ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতদের দেয়া তথ্যে নরসিংদী রায়পুরায় মা জুয়েলার্সে অভিযান চালিয়ে ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ জুয়েলারি দোকানের মালিক দুলাল বর্মণকে গ্রেফতার করে পুলিশ। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতার ও লুণ্ঠিত অবশিষ্ট স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন পূবাইল থানার ওসি নাজমুল হক।
এ দিকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের ঘটনায় জিএমপি-ডিএমপি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হোসাইন উদ্দিন পালোয়ানের মেয়ে জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি। তিনি বলেন, ডাকাতি ঘটনার পর জিএমপি পুলিশ কমিশনার ও পূবাইল থানার ওসি আমাদের প্রতি যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন তাতে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না।
পুবাইলে ডাকাতির ঘটনায় জুয়েলারি মালিকসহ ৬ জন গ্রেফতার
ডাকাতির এক মাস পর লুণ্ঠিত স্বর্ণালঙ্কার সমেত জুয়েলারি দোকানের মালিকসহ আন্তঃজেলা ছয় ডাকাতকে গত বৃহস্পতিবার রাতে নরসিংদী থেকে গ্রেফতার করেছে জিএমপি ও ডিএমপি পুলিশ। গ্রেফতারকৃতরা...



