দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তবে দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় স্বাস্থ্যবিভাগ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় মুজিববর্ষ উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের ২৩টি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। তবে সেকেন্ড ওয়েভ মোকাবেলায় চিকিৎসক- নার্সসহ স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জনগণকে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।