কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ায় জমির বিরোধ নিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা রিদুয়ান আলী সাজিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অস্ত্রের মহড়া দিয়ে সরকারদলীয় দুই পক্ষের সংঘর্ষ হয় এবং তা থেমে থেমে রাত পর্যন্ত চলে। এ সময় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশকেও বেশ বেগ পেতে হয় এবং শেষ পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ দলীয় নেতারা এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বহিষ্কৃত রিদুয়ান আলী সাজিন কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। কক্সবাজার শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন ও সাধারণ সম্পাদক শাকিল আজমের যৌথ স্বাক্ষরে সাজিনকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। প্রাপ্ত তথ্য মতে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকার ঠোঁটিয়াপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষ মঙ্গলবার বিকেলে মুখোমুখি অবস্থান নেয়। এই নিয়ে সালিস বৈঠকেও দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি এবং হাতহাতি হয়। সেখান থেকে বেরিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রুপ। প্রায় দুই ঘণ্টা ধরে রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। সাজিন প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের ওপর গুলিবর্ষণ করেন। সাজিন ছাড়াও বেশ কয়েকজনকে অবৈধ অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই সাজিনকে বহিষ্কার করা হয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুম খান জানান, যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
কক্সবাজারে ছাত্রলীগ আওয়ামী লীগ সংঘর্ষে আহত ১৫
কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ায় জমির বিরোধ নিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ছাত্রলীগ...



