মেজর (অব:) সিনহা মো: রাশেদ খান নিহতের ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়ার দায়ের করা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ১ নং আসামি বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকতের পক্ষে রিভিশন মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে লিয়াকতের পক্ষে মামলাটি দায়ের করা হয়।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল মামলাটি গ্রহণ করে আগামী ২০ অক্টোবর শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।
বরখাস্ত পরিদর্শক লিয়াকতের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট ফরহান শাহরিয়ার জানান, গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদি হয়ে যে হত্যা মামলাটি দায়ের করেন, সেই মামলার আদেশের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন মামলাটি দায়ের করা হয়েছে। কেননা সিনহা হত্যার ঘটনায় পুলিশ বাদি হয়ে ঘটনার পরপরই আরো দুইটি মামলা দায়ের করেছিল।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। র্যাবকে মামলাটির তদন্তভার দেয়া হয়। ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ এবং বাহারছড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকতসহ পুলিশের ৭ সদস্য। পরে র্যাব এপিবিএনের ৩ সদস্য, পুলিশের মামলার ৩ সাক্ষী ও সর্বশেষ পুলিশের একজন কনস্টেবলকে আটক করেন। এই মামলায় এখন মোট আসামি ১৪ জন। ১২ জন আসামি এ পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।



