রাজধানীতে রেললাইন দিয়ে অসাবধানবশত চলা ফেরার কারণে গত এক মাসে ট্রেনে কাটা ও ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়েছে। ট্রেন দুর্ঘটনায় কেউ আত্মহত্যা করে আবার কাউকে হত্যা করে রেললাইনে ওপরে ফেলে রেখে যায়। অনেকেই আবার মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনায় পড়েন।
গত রোববার রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৯) এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরণে ছিল নীল রঙের জিন্স প্যান্ট ও কালো হাফহাতা গেঞ্জি।
জানা গেছে, কাওলা রেলস্টেশন এলাকায় রেললাইনে বসেছিলেন ওই যুবক । ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় রেললাইন বা রেলক্রসিংয়ের ট্রেনের কাটা এবং ধাক্কায় গত এক মাসে ১১ জন মারা গেছেন। তাদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে অনেকেই আত্মহত্যা করে, আবার কাউকে হত্যা করে রেল লাইনে ওপর রেখে যায়। অসাবধানতাবশত রেললাইন পারাপারের কারণে এ মৃত্যুর ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে কারো পরিচয় মিলে আবার অনেকের পরিচয় পাওয়া যায় না। এ দিকে ঢামেক হাসপাতালের মর্গ সূত্রে জানা যায়, গত এক মাসে রেলওয়ে পুলিশ ১১টি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসেন ।



