অনলাইনে নয়, সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনেও আসছে বড় ধরনের পরিবর্তন। অন্যান্য সময় ২০০ নম্বরের পরীক্ষা নেয়া হলেও এবার পরীক্ষা হবে ১০০ নম্বরের। বিগত বছরগুলোতে ঢাকাকেন্দ্রিক পরীক্ষা হলেও এবারের করোনা পরিস্থিতিতে বিকল্প হিসেবে বিবেচনায় রাখা হয়েছে বিভাগীয় শহরগুলোতেও পরীক্ষা নেয়ার বিষয়টি। করোনা পরিস্থিতির অবনতি না হলে বিভাগীয় পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়া হবেÑ এমন আভাস দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বিশেষ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভার একাধিক সদস্য নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষায় যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এ দিন ডিনদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অনলাইন প্রক্রিয়ায় না গিয়ে সশরীরে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে সবাই একমত হন। ডিনস কমিটির এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আলোচনার পর চূড়ান্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়ার বিষয় জানিয়ে প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আমাদের ডিনস কমিটির সিদ্ধান্ত নেয়া হয়েছে, অনলাইনে পরীক্ষায় যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়; আমরা রিটেন পরীক্ষা নেবো বলে। এ পরীক্ষাটি ১০০ নম্বরের হবে। এসএসসি ও এইচএসসি দুটোতে থাকবে ২০ শতাংশ নম্বর। আর ভর্তি পরীক্ষায় থাকবে ৮০ নম্বর। এর মধ্যে আবার ৩০ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে।
এর আগে এসএসসি এবং এইচএসসির ফলাফলের ওপর ৮০ নম্বর এবং ভর্তি পরীক্ষায় ১২০ নম্বর ছিল। সেখানে ৬০টি এমসিকিউতে ছিল ৭৫ নম্বর এবং লিখিত পরীক্ষায় ছিল ৪৫ নম্বর। তবে এবার ২০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা হবে ১০০ নম্বরের। এর মধ্যে এসএসসি এবং এইচএসসিতে ২০ এবং ভর্তি পরীক্ষায় থাকবে ৮০ নম্বর। তবে এর বিস্তারিত মান বণ্টন এখনো জানা যায়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষা আসলে বিভাগে হবে না। বিভাগ ওয়াইজ সেন্ট্রালাইজড করব। কোনো বিভাগে যদি ২০০ বা ১০০ পরীক্ষার্থী থাকে, সেটি নিয়ে আবার আমাদের চিন্তা করতে হবে। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করার জন্য আমাদের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা ভর্তি ইচ্ছুদের পার্টিকুলারলি এমসিকিউ এবং ন্যারেটিভের ওপর গুরুত্ব দেবো।
এ দিকে, পরীক্ষার সম্পর্কিত এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হলেও এই বৈঠকে ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। তবে পরীক্ষার সম্ভাব্য সময় আগামী জানুয়ারি। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত ডিনরা।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হাসানুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষার কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ফলাফলের পরে তা নির্ধারণ করা হবে।
অনলাইনে ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাবি : আসছে বড় পরিবর্তন
অনলাইনে নয়, সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনেও আসছে বড় ধরনের পরিবর্তন। অন্যান্য সময় ২০০...



