কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় পাহাড়ের একটি অংশ ধসে গিয়ে মাটি চাপায় দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কাউয়াখোপ ইউনিয়নের উখিয়ার ঝর্ণাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ারঘোনা স্কুলপাড়ার আলী আহম্মদ (৩০) ও লট উখিয়ারঘোনা গ্রামের মুজিবুর রহমান (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি নিয়ে পাশের ভূতপাড়ার শামসুল আলম নামে এক ব্যক্তির জায়গা ভরাট করা হচ্ছিল। এ কাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় পাহাড়ের একটি অংশ ধসে তাদের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান এবং একজন আহত হন। আহত শ্রমিকের নাম রফিক।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, গুরুতর আহত শ্রমিক রফিকের সাথে কথা বলে মনে হচ্ছে পিকআপ ভ্যান ও মাটিচাপা পড়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত শ্রমিককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



