ভাস্কর্যের নামে একটি ধর্মীয় উগ্রবাদী সংগঠন দেশে শান্তি বিনষ্টের চেষ্টা করছে। তাদেরকে কাজে লাগিয়ে নির্বাচনে পরাজিত শক্তি ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছে। সরকারের সরলতাকে কখনো দুর্বলতা মনে করবেন না। নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি আবারো আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কর্মসূচির নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেয়া হবে না। বিএনপির নেতারা বলেছেন সরকার করোনার চেয়ে শক্তিশালী। তারা ঠিকই বলেছে। সরকার আগুন সন্ত্রাসীদের চেয়ে বেশি শক্তিশালী। মৌলবাদীদের ঘাড়ে ভর করে আগুন সন্ত্রাসের মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। বর্তমান সরকার দেশের মানুষের শান্তি রক্ষায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছাড় দেবে না।
গতকাল বৃহস্পতিবার সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণের সাথে সম্পর্ক নাই, এমন কারো নাম স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠাবেন না। দলের অপকর্মের জন্য উন্নয়ন মøান হয়ে যায়, অতীতে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট করেছেন এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন, তারা বিজয়ী হলেও তাদেরকে এখন দলীয় মনোনয়ন দেয়া হবে না। দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে।
লক্ষ্মীপুরের নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, লক্ষ্মীপুরের কোনো নেতা লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য আসে না। তারা শুধু একে-অপরের বিরুদ্ধে বিষোদগার করার জন্য আসেন। নিজেরা নিজেদের শত্রু হবে না। লক্ষ্মীপুরের লক্ষ্মী ফিরিয়ে আনতে সবাই একযোগ হয়ে কাজ করুন। সারা দেশ এগিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরও পিছিয়ে থাকবে না। লক্ষ্মীপুরের উন্নয়নে সরকার কাজ করছে। লক্ষ্মীপুর থেকে নোয়াখালী সড়ক চার লেন করার জন্য আমি আমার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, অন্ধকারে তলিয়ে যাওয়া বাংলাদেশ বর্তমান সরকারের উন্নয়নে ভাসছে। স্বাধীনতাবিরোধীরা একেক বার একেক ইস্যু নিয়ে মাঠে নামেন। এখন তারা যে ইস্যু নিয়ে মাঠে নেমেছেন, তাতে তারা কখনো সফল হবেন না। ভাস্কর্যের ইস্যু নিয়ে মাতামাতি না করে নিজেদের চরিত্র ঠিক করুন। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণার নির্দেশ দেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো: হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান প্রমুখ।