লক্ষ্মীপুরের রামগতিতে মা-বাবার হাত-পা বেঁধে তাদের সামনেই এক কিশোরী গৃহবধূকে (১৪) গণধর্ষণের পর পিটিয়ে আহত করা হয়েছে। গত রোববার মধ্যরাতে উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়াতম গ্রামে গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। তার অবস্থার অবনতি হলে পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সোমবার সকালে মিরাজ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়াতম গ্রামে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে অবস্থান করছিল। রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে সে। গভীর রাতে হঠাৎ একদল দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে ওই গৃহবধূর মা-বাবাসহ পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে মা-বাবার সামনেই রাতভর পালাক্রমে ওই কিশোরী গৃহবধূকে গণধর্ষণ করে তারা। ধর্ষণ করেই ক্ষান্ত হননি ঘাতকরা। ধর্ষণ শেষে গৃহবধূকে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত করে দেয়। পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।
এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ধর্ষণের ঘটনায় মিরাজ নামে এক যুবককে আটক করা হয়ছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
চট্টগ্রামে কিশোরী ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেফতার
এ দিকে চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে গার্ডেন সিটি আবাসিক হোটেলে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও সহযোগীসহ দু’জনকে গ্রেফতার করেছে। গত রোববার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেনÑ ধর্ষণের জন্য অভিযুক্ত খলিলুর রহমান খলিল (৪০) এবং গার্ডেন সিটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক আব্দুল আহাদ (৪৫)।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কবির হোসেন জানান, রোববার সন্ধ্যায় কিশোরী রাগ করে বাসা থেকে বেরিয়ে নগরীর রেলস্টেশন এলাকায় আসে। সেখানে ঘোরাঘুরির সময় সে ভাসমান হকার হিসেবে পরিচয় দেয়া খলিলের নজরে আসে। খলিল তাকে ভাত খাওয়ানো এবং রাতে থাকার ব্যবস্থা করে দেয়ার কথা বলে ফুসলিয়ে হোটেলে নিয়ে যায়। সেখানে একটি কক্ষ ভাড়া নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।