টঙ্গীতে পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে বন্ধুর স্ত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গণধর্ষণের শিকার ওই গৃহবধূ জিএমপির টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন। ধর্ষণের ভিডিও ধারণ করা হয়েছে বলেও তিনি আরজিতে উল্লেখ করেন। পুলিশ এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীর বন্ধুসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতরা হলেন- সৈয়দ রায়হান হোসেন ওরফে সাদ্দাম (২৮), আব্দুর রহমান (৩২) ও জসিম (৩০)।
মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী টঙ্গীর দত্তপাড়ায় একটি বাসায় ভাড়া থাকেন। সাংসারিক বিষয়ে গত ১০ ডিসেম্বর তাদের স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এতে একপর্যায়ে ওই গৃহবধূকে তার স্বামী তালাকের হুমকি দেন। এ ঘটনায় গৃহবধূ তার স্বামীর বন্ধু সৈয়দ রায়হান হোসেন ওরফে সাদ্দামের কাছে বিচারপ্রার্থী হন। রায়হান গত ১১ ডিসেম্বর তাদের বিষয়টি মীমাংসা করে দেবেন বলে আশ্বাস দেন। রায়হান পরদিন বেলা ২টায় বিষয়টি মীমাংসার জন্য ওই গৃহবধূকে ফোনে দত্তপাড়া রিয়া গার্মেন্টের মোড়ে ডেকে নেন। পরে সেখান থেকে গৃহবধূকে একটি সিএনজিতে তুলে রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় রায়হানের বাসায় নিয়ে যান। সেখানে রায়হান ও তার অন্য দুই বন্ধু আব্দুর রহমান ও জসিম গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় তাকে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তারা উক্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। পরে তারা একটি সিএনজিতে উঠিয়ে টঙ্গীর দত্তপাড়ায় পাঠিয়ে দেয় অভিযুক্তরা।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ গত শুক্রবার টঙ্গী পূর্ব থানায় মামলা করলে পুলিশ গত শনিবার রাতে দত্তপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। ধর্ষণের সময় যে মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছিল সেটিও উদ্ধার করা হয়।