ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নুরদের ওপর হামলার এক বছর পূর্তিতে ‘বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল’, শীর্ষক বিক্ষোভ ও সমাবেশ করেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। গতকাল মঙ্গলবার সকালে শহীদ মিনারের পাদদেশ থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। ডাকসুর সদ্যসাবেক ভিপি নুরুল হক নুর মিছিলের নেতৃত্ব দেন। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা বলেন, সেদিন ডাকসুর ওই হামলায় জড়িতদের শাস্তি দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকেও বিচারের আশ^াস দেয়া হয়েছিল। অন্য নেতারাও ধিক্কার জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর বিচার হয়নি।
এ সময় সাংবাদিক হত্যা, আবরার, তনু, মেজর (অব:) সিনহাসহ সব হত্যার বিচারের দাবিতে ও গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বিক্ষোভ মিছিল শেষে পল্টনে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ দিকে দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। গতকাল বেলা ১টা ২০ মিনিটে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করে।
বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ঢাকা বিশ^বিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ডাকসুর সদ্যসাবেক ভিপি নুরুল হক নুর। এ সময় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ বুয়েট ছাত্রলীগের গুণ্ডাদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। দুঃখের সাথে লক্ষ করেছি ছাত্র আন্দোলনের মুখে বুয়েট প্রশাসন ছাত্রলীগের গুণ্ডাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু ব্যবস্থা নিলেও সময়ের আবর্তনে সেগুলো তুলে নিচ্ছে। যেখানে তাদেরকে বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বুয়েট প্রশাসন তাদের পরীক্ষা দেয়ার সুযোগ করে দিচ্ছে।
তিনি আরো বলেন, আজকে দেশে তারুণ্যের যে গণআন্দোলন শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে-গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আজকে তরুণ সমাজ নতুন রাজনৈতিক দল গঠনে কাজ করছে বলে অত্যাচার করছেন। আমরা এই অত্যাচার-নিপীড়ন-নির্যাতনের মধ্যেও কাজ করে যাচ্ছি। শিগগিরই আমাদের দল গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।
উল্লেখ্য, কালো পতাকা মিছিল, সমাবেশে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান, মশিউর রহমান, তারেক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।