সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের পদ বাঁচাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন। চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হয়নি, বরং রক্তপাত হয়েছে। এটিকে মেনে নেয়া যায় না। আজ বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ পথহারা। তিনি বলেন, আপনি মানুষের চোখে ধুলো দিয়ে কতদিন টিকে থাকবেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে পারবেন জননেত্রী শেখ হাসিনা। তিনি গত বুধবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন।
নাগরিক সমাজের আহ্বায়ক ঢাকাস্থ নোয়াখালী সমিতির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: শাহাব উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য প্রদান করেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি গোলাম শরিফ চৌধুরী পিপুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইস্কান্দার মির্জা শামীম, যুবলীগের কেন্দ্রীয় নেতা নুরুল করিম জুয়েল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।
মেয়র আবদুল কাদের মির্জা বলেন, অপরাজনীতির কাছে মাথা নতকারীরা আমার ভোটারদেরকে অভিনন্দন পর্যন্ত জানায়নি। যে দলের (আওয়ামী লীগ) জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করেছি, তারাও খবর নেয়নি।
তিনি ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ঢাকায় বসে রাজনীতি করবেন? আমার নেতাকর্মীরা আপনাদের পেছনে স্লোগান দেয়। ওবায়দুল কাদের সাহেব- পদ টিকাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি আমাকে টেলিফোনে বলেন ‘তুমি আমার পদ খাবে নাকি?’। কাদের মির্জা বক্তব্যের এক ফাঁকে সমস্বরে স্লোগান দিতে থাকেন, ‘এক দফা এক দাবি, একরাম তুই কবে যাবি’। একরাম চৌধুরীর বহিষ্কার পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। এ দাবিতে তিনি আগামী ৩১ জানুয়ারি রোববার কোম্পানীগঞ্জে সর্বত্র আধাবেলা হরতাল পালনের কথা আবারো উল্লেখ করেন।
কাদের মির্জা আরো বলেন, আমাকে বহিষ্কারের হুমকি দিচ্ছেন? বহিষ্কার করবেন, বহিষ্কার করলেও আমি যতদিন বেঁচে থাকি আমি আপনাদের পাশে থাকব, মিছিলে আপনাদের সাথে স্লোগান দেবো। গ্রেফতার করবেন? ১৯৮২ সাল থেকে জেল খেটে আসছি। এখন যারা ষড়যন্ত্র করেন, তখন তো তারা মায়ের পেটে ছিলেন।
তিনি বসুরহাট পৌরসভায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনে ভোটারদের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, আমি দল থেকে বহিষ্কার না হলে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। বিএনপি-জামায়াতের সাথে বৈঠক করে এলাকাতে শান্তিশৃঙ্খলার, রাজনীতিক সহাবস্থানের ব্যবস্থা করব।
তিনি একরাম চৌধুরী সহধর্মিণী কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলী একরামের সমালোচনা করে বলেন, পর-পুরুষের সাথে যে নারী মদের আড্ডায় বসে, সেই ছবি আবার ফেইসবুকে ভাইরাল হয়, সে কখনো ভালো হতে পারে না। একরাম চৌধুরী টেলিভিশন লাইভে বলেছে, আমি নাকি অসুস্থ, আমার নাকি চিকিৎসার প্রয়োজন। আমি বলব আমার নয়, তার (একরাম চৌধুরী) চিকিৎসার প্রয়োজন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সঙ্গীত শিল্পী মমতাজ এমপি ও কর্ণিয়া সঙ্গীত পরিবেশন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের বক্তব্য দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বক্তব্য দেননি। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন বলেন, জাতীয় সংসদের অধিবেশন চলার কারণে তিনি বক্তব্য দিতে পারেননি।
২ ফেব্রুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলন
নোয়াখালী অফিস জানায়, বর্তমান সময়ে আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা এবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বসুরহাট পৌরসভার প্যাডে মেয়র আবদুল কাদের মির্জা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আপনারা এরই মধ্যে অবগত হয়েছেন যে, আমি দীর্ঘদিন ধরে নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে বিভিন্ন সভা-সমাবেশ এবং মিডিয়ার সামনে প্রতিবাদ করে আসছি। কিন্তু দুঃখের বিষয় উক্ত বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আমি ২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।



