নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডে ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের দু’টি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজন হলেনÑ সজল (২৮), কাউসার (৩০), হেলাল (২৫), সোহাগ (২৪), সজিব (২৬), মহিন(২৮), সাকিব (২৫), মিজান (৩৫), হৃদয় (২৪), স্বপন (৩৮)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিক ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ সভাপতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আদমজী ইপিজেডের মারুশিয়া পেসিফিক নামক এক পোশাক কারখানায় ব্যবসা করতেন আসলাম নামে এক ব্যক্তি। দেড় বছর পূর্বে জোরপূর্বক ওই ব্যবসা তার কাছ থেকে ছিনিয়ে নেয় নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ভাই মাহবুব। সেই ব্যবসা মারুশিয়া পেসিফিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিয়ে যান সাবেক কাউন্সিলর সিরাজ মণ্ডল সমর্থক সোহেল ও রনি। এতে ক্ষীপ্ত হয়ে উঠে মতিউর রহমান মতির ভাই মাহবুব, মামুন ওরফে ভাগীনা মামুন, পানি আক্তার ও পেটকাটা মানিকসহ তার সহযোগীরা। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে আসছে। এ নিয়ে সমঝোতা বৈঠক বসার পর তা মানেনি দুই পক্ষের কেউ। এর জের ধরে গতকাল দুুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডল জানান, আদমজী ইপিজেডের ২৬টি প্রতিষ্ঠানসহ প্রায় সকল প্রতিষ্ঠানের সঙ্গেই মতিউর রহমান মতি ও তার স্বজন, সমর্থকরা ব্যবসা করছে। আমাদের কয়েকজন সমর্থক দু’একটি প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করলেও তা ছিনিয়ে নিতে চাচ্ছে। গতকাল আমাদের সমর্থকরা ইপিজেডে ঢুকলে মতিউর রহমান মতির সমর্থক পানি আক্তারের লোকজন হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি বলেন, আমার ছোট ভাই মাহবুব আদমজী ইপিজেডের একটি কারখানায় ব্যবসা করছে। এতে সিরাজ মন্ডলের লোকজন বাধা দেয়। এ নিয়ে সমঝোতা বৈঠকও হয়েছে। তারপরও আমাদের কয়েকজন সমর্থকের ওপর সিরাজ মণ্ডলের সমর্থকরা হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো: মশিউর রহমান জানান, আদমজী ইপিজেডের ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। আমরা মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া নিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।