চট্টগ্রামের সাতকানিয়ায় এলাকার আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে মো: বেলাল উদ্দিন (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বেলাল উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া মাজার এলাকার মৃত আব্দুল কবিরের ছেলে। গত বুধবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড়া বটতল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী, মো: সাদেক, দেলোয়ারসহ এলাকার কিছু লোকের সাথে খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বেলাল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারসহ সামাজিক নানান বিষয়ে মতবিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিহত বেলাল তার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে বটতল নামক এলাকায় পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন নিহত হওয়ার জের ধরে বেলালের পক্ষের লোকজন তৈয়ারপাড়া এলাকায় ১০-১২টি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা ঘরের আসবাবপত্র ও গবাদিপশু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।
নিহত বেলাল উদ্দিনে বড় ছেলে মেহেদী হাসান হিরু জানান, স্থানীয় মেম্বার লিয়াকতসহ বেশ কয়েকজনের সাথে বিভিন্ন বিষয়ে তার বাবার বিরোধ চলে আসছিল। গত বুধবার রাতে প্রতিপক্ষের লোকজন বিরোধের বিষয়ে মীমাংসার কথা বলে তার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
এ ব্যাপারে অভিযুক্ত ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত আলী জানান, তৈয়ারপাড়ার পাশের গ্রামের এক মহিলার সাথে বেলালের অবৈধ সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে ওই মহিলার বাড়িতে যাওয়ার পথে এলাকার লোকজন বেলালকে ধরে মারধর করেছে। এতেই সে মারা গেছে।
এ বিষয়ে খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ আজগর চৌধুরী জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন আওয়ামী লীগ নেতা বেলালকে হত্যা করেছে। এর আগেও প্রতিপক্ষের লোকজন বেলালের ওপর হামলা চালিয়েছিল।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খাগরিয়া এলাকায় বেলালের ওপর হামলার খবর শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মূলত এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বেলালকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এলাকাবাসী জাহেদুল ইসলাম (২৫) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।