ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গবেষণা জালিয়াতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তদন্ত কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো: আল মামুনের সঞ্চালনা ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালী ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাপ্পীসহ প্রমুখ।
সমাবেশে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সকল অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এর ধারাবাহিকতায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড: সাদেকা হালিমের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গবেষণা জালিয়াতির অভিযোগ উত্থাপিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সম্মান রক্ষার্থে দ্রুত তদন্ত কমিটি গঠন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
অনুষদের ডিন পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছে উল্লেখ করে আল মামুন বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সুতিকাগার ও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে পুরো দেশ ও জাতি সবসময় তাকিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান ও মর্যাদা অনেক ওপরে। কিন্তু কিছু শিক্ষকদের বিরুদ্ধে এরকম গবেষণা জালিয়াতির সংবাদ প্রকাশিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। কিছু শিক্ষকের দায়ভার বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষক সমাজ কখনোই নিবে না। গণমাধ্যমে প্রকাশিত অধ্যাপক সাদেকা হালিমের বিরুদ্ধে উত্থাপিত গবেষণা জালিয়াতির অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, সম্মান ও ভাবমূর্তি ক্ষুণœ করেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণœ করেছেন।
এ সময় বক্তারা আরো বলেন, অধ্যাপক সাদেকা হালিমের বিরুদ্ধে গবেষণা জালিয়াতির অভিযোগ তদন্ত করে প্রমাণিত হলে কঠোর শাস্তি নিশ্চিত করে এ জাতীয় লজ্জাজনক অধ্যায় বন্ধ করতে হবে। অন্যাথায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে বলে আমরা মনে করি।
মানববন্ধন থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলোÑ অধ্যাপক ড. সাদেকা হালিমের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গবেষণা জালিয়াতির অভিযোগ প্রকাশিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, মর্যাদা ও সম্মান রক্ষার্থে দ্রুত তদন্ত কমিটি গঠন করতে হবে, সুষ্ঠু তদন্তের স্বার্থে অধ্যাপক সাদেকা হালিমকে তার ডীনের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে, দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং জালিয়াতি প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।



