ভয়াবহ আগুনে বান্দরবানের চিম্বুক পাহাড়ের প্রায় দেড় শ’ একর এলাকার মিশ্র ফলের বাগান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন ওই এলাকার চারটি পাড়ার ৬০টিরও বেশি ম্রো পরিবার। আগুনে শুধু বাগানই নয় পুড়ে গেছে পাড়ায় পানি সরবরাহের লাইনও। এর ফলে পাড়ার লোকজন এখন মারাত্মক পানি সঙ্কটে পড়েছে। গত মঙ্গলবার রাতে জুমে দেয়া এক ভয়াবহ আগুনে চিম্বুক পাহাড়ের রামরিপাড়া, বাইট্টাপাড়া, রাংলাই ম্রোপাড়া, দাওয়াই হেডম?্যান পাড়া ও সিংচার ম্রোপাড়ার প্রায় দেড় শ’ একর মিশ্র ফলের বাগানের আম, লিচুসহ বিভিন্ন ফলের গাছ পুড়ে গেছে। তবে স্থানীয়রা দাবি করছেন পার্শ^বর্তী পাথর ব্যবসায়ীদের কাজে নিয়োজিত শ্রমিকদের দেয়া আগুনে এসব বাগানগুলো পুড়ে গেছে।
সাধারণত শুষ্ক মৌসুমে পাহাড়ে জুম চাষ করতে আগুনে আগাছাগুলো পুড়িয়ে দেয়া হয়। চিম্বুক পাহাড়ের বিভিন্ন জায়গায় এখন জুম চাষের আগে জুম পোড়ানোর কাজ শুরু হয়েছে। জুম পোড়ানো শেষ হলে বৃষ্টির পর পাহাড়ে ধান কুমড়া ভুট্টাসহ বিভিন্ন ফসলের জন?্য বীজ বপন করা হবে। তবে জুমচাষ কমে যাওয়ায় এখন পাহাড়ে বিভিন্ন সম্প্রদায় মিশ্র ফলের বাগান গড়ে তুলছে। এ রকমই মিশ্র ফলের বাগান জুমে দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চিম্বুক পাহাড়ে।
এ দিকে চিম্বুক পাহাড়ের রামরীপাড়ায় পানি সরবরাহ করা হয় প্লাস্টিক পাইপ দিয়ে দূর পাহাড়ের ঝর্ণা থেকে। জিএফএস প্রযুক্তির মাধ্যমে ঝরনার উৎস থেকে বিভিন্ন পাড়ায় পানি সরবরাহ করা হয়। আগুনে এসব পানির লাইন পুড়ে যাওয়ায় পাড়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
টঙ্কাবতী ইউনিয়নের চেয়ারম্যান প্লুকান ¤্রাে জানিয়েছেন চিম্বুক পাহাড়ের ছয়টি পাড়ার প্রায় দেড় শ’ একর বিভিন্ন মিশ্র ফলের বাগান জুমের আগুনে পুড়ে গেছে। শুধু রামরীপাড়ার প্রায় ৩৫ একর বাগান আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এই পাড়ায় পানি সরবরাহের লাইনটিও পুড়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পানি সঙ্কটে পড়ে পাড়ার লোকজন এখন দিশেহারা। অন্য দিকে মিশ্র ফলের বাগান পুড়ে যাওয়ায় তারা পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন মঙ্গলবার রাতে রামরীপাড়ার কাছে জুমে আগুন দেখা যায়। পরে এটি বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। পাহাড় শুষ্ক হওয়ায় ও গাছের পাতা পরে শুকিয়ে যাওয়ায় এ সময়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। ভয়াবহ আগুনে চিম্বুক পাহাড়ের ছয়টি পাড়ার বিস্তীর্ণ মিশ্র ফলের বাগান ও জুম পুড়ে ছাই হয়ে যায়।
এ দিকে দাওয়াই হেডম?্যান পাড়ার বাসিন্দা ইয়াংরাই ম্রো ও রেংলাং ম্রো জানান, পার্শ^বর্তী পাথর ব্যবসায়ী শ্রমিকদের সাথে পাথর উত্তোলন নিয়ে ঝগড়া হওয়ার পর তারা জুমে আগুন দেয় বলে স্থানীয় পাড়ার লোকজন তাদের জানিয়েছেন। বর্তমানে বাগান পুড়ে যাওয়ায় ও পাড়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ম্রো পরিবারগুলো মারাত্মক সঙ্কটে পড়েছে।