চাকরি পেয়েও তাতে যোগ দেয়া হলো না জয়পুরহাটের পাঁচবিবির সাগর ইসলামের (২৫)। রহস্যময় মৃত্যুর শিকার হয়ে তাকে দাফন হতে হয় অজ্ঞাত লাশ হিসেবে। ঘটনার এক সপ্তাহ পর জানা যায়, নিহত যুবকের নাম সাগর। তিনি পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামের আব্দুর রশিদের ছেলে।
সাগর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে যোগদানের উদ্দেশ্যে গত ২৩ মার্চ ঢাকায় যায়। ২৫ মার্চ বৃহস্পতিবার তার কর্মস্থলে যোগদানের কথা ছিল। কিন্তু ওই দিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার-বারদী সড়কের খংশারদীর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে সোনাগাঁও থানা পুলিশ। পরে অজ্ঞাত লাশ হিসেবে ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
গত বৃহস্পতিবার সোনারগাঁও থানা পুলিশ লাশের থাকা মোবাইল সিমের এনআইডির সূত্র ধরে জয়পুরহাটের পাঁচবিবি থানার সাথে যোগাযোগ করে। পরে পাঁচবিবি থানা থেকে সাগরের পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং নিহত সাগরের পরিচয় জানা যায়।
সাগরের পরিবার সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুর রউফের মাধ্যমে একই উপজেলার হরেন্দা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে গোলাম রসুল মাস্টার, মোহাম্মদ মাস্টারের ছেলে আব্দুল আলিম ও জয়পুরহাট জননী লাইব্রেরির রবির সাথে সাগরের বাবা আব্দুর রশিদের পরিচয় হয়। এর সূত্র ধরে তারা ৯ লাখ টাকার বিনিময়ে সাগরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি দেয়ার প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে আব্দুর রশিদ তাদের সাত লাখ টাকা দেন এবং বাকি টাকা নিয়োগপত্র পাওয়ার পর দেবেন বলে জানান। পরে ২৩ মার্চ আব্দুর রশিদ ঢাকায় গিয়ে গোলাম রসুল, আব্দুল আলিম ও রবি এ তিনজনের কাছে বাকি টাকা দিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাঅধিদফতরসহ অঙ্গবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোভুক্ত বিজ্ঞপ্তি স্মারক নম্বর ২৩.১৭০০০০.০১.০৪.০৩৮.১৯.১৬২২ নিয়ে বাড়িতে আসেন। এতে ২৫ মার্চ যোগদানের কথা লিখা ছিল। কিন্তু ওই থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সাগর নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ২৫ মার্চ সকাল সাড়ে ৭টায় স্থানীয় লোকদের খবরের ভিত্তিতে খংশারদীর ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) পলাশচন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরিতে যোগদানের উদ্দেশ্যে সাগর ঢাকা গিয়েছিল বলে শুনেছি। পরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ তার লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে।
চাকরিতে যোগ দিতে গিয়ে লাশ হলেন সাগর
পরিচয় মিলল এক সপ্তাহ পর
চাকরি পেয়েও তাতে যোগ দেয়া হলো না জয়পুরহাটের পাঁচবিবির সাগর ইসলামের (২৫)। রহস্যময় মৃত্যুর শিকার হয়ে তাকে দাফন হতে হয় অজ্ঞাত লাশ হিসেবে। ঘটনার এক...



