সিদ্ধিরগঞ্জে নৈশপ্রহরীকে হত্যা করে একটি কুরিয়ার সার্ভিসে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় ডরিক মাদানী টাওয়ারে ইউএসবি কুরিয়ার সার্ভিসে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতদের হাতে নিহত নৈশপ্রহরীর নাম মিলন মিয়া (৬০)। তিনি মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এছাড়া এ ঘটনায় সিদ্দিকুর রহমান নামে অপর এক নৈশপ্রহরী আহত হয়েছেন।
ইউএসবি কুরিয়ার সার্ভিস চিটাগাং রোড শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত আড়াইটা-তিনটার দিকে কয়েকজন ডাকাত ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়। প্রথমে ডাকাতরা নৈশপ্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানকে হাত-পা বেঁধে প্রহার করে মার্কেটের ভেতরে গলির মধ্যে ফেলে রাখে। এ সময় ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিস শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারি, ১টি ওভেন ও কয়েকটি ফ্রিজসহ ১৫-১৬ লাখ টাকার মালামাল লুট করে একটি পিকআপযোগে চলে যায় ডাকাতরা। তারা এশিয়া মোটরস নামে পাশের একটি ব্যাটারিচালিত ইজিবাইকের দোকান থেকেও ৮টি ব্যাটারি ও ১৫টি চার্জার নিয়ে যায় বলে দোকান মালিক মিন্টু মিয়া জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে নৈশপ্রহরী মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, নৈশপ্রহরীকে হত্যা ও ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশের জোর প্রচেষ্টা চলছে।